২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ৪ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

থানায় এনে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মাদারীপুরের ডাসার থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 09:24 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার মাদারীপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত শাহিন মোল্লার (২৫) মা রেবা বেগম।

আদালত মামলাটি আমলে নিয়ে র‌্যাব-৮ এর পরিচালককে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

শাহিন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব সমরসিংহ গ্রামের মোস্তফা মোল্লার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, গত ৮ জুন সন্ধ্যার পরে ডাসার-মেদাকুল সংযোগ সেতুর উপর বসে শাহিন মোল্লা (২৫), শাহ আলম (২৪) ও মুকিত (২৪) গল্প করছিলেন।

এ সময় ডাসার থানার এসআই মীর নাজমুল হাসান থানার কনস্টবল ফরহাদ হোসেন ও সালাউদ্দিনকে সঙ্গে নিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান।

পরে শাহ আলম ও মুকিতের পরিবারের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেয় এবং শাহিনের পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে।

রাতে ৩০ হাজার টাকা দিয়ে ওরা পরদিন সকালে বাকি টাকা দিয়ে ছাড়িয়ে নেওয়ার কথা থাকলেও রাতভর নির্যাতনের ফলে সকালে শাহিনের অবস্থা খারাপ হলে তাৎক্ষণিকভাবে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার দেখিয়ে আদালতে চালান করে দেয় তাকে।

১৪ জুন রাতে হাজতে শাহিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

মামলার আইনজীবী ইয়াদ মোর্শেদ সজল বলেন, মামলার আসামিরা হলেন ডাসার থানার ওসি এমদাদুল হক, এসআই মীর নাজমুল হাসান, কনস্টেবল ফরহাদ হোসেন, কনস্টেবল সালাউদ্দিন এবং পুলিশের সোর্স মো. নজরুল ফকির।