ডিসিদের পত্রিকা বন্ধের ক্ষমতা নয়: সংসদীয় কমিটি
রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হানতে পারে এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্র বাতিলের ক্ষমতা চেয়ে জেলা প্রশাসকদের প্রস্তাব বাস্তবতা বিবর্জিত বলে মনে করছে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। কমিটির সদস্য মৃণাল কান্তি দাস বিষয়টি উত্থাপন করেন।
এ প্রসঙ্গে মৃণাল কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ায় সংসদীয় কমিটি মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।
“এ ধরনের বাস্তবতা বিবর্জিত প্রস্তাবের কোনো ভিত্তি নেই বলে মনে করে সংসদীয় কমিটি।”
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় মূল্যবোধে আঘাত হানতে পারে এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্র বাতিলের ক্ষমতা চায় জেলা প্রশাসন। সরকারের কাছে এ ধরনের একটি প্রস্তাবও দিয়েছেন জেলা প্রশাসকরা।
গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট, ১৯৭৩-এর একটি ধারা পুনরুজ্জীবিত করে জেলা ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেয়ার প্রস্তাব উঠেছে। সংবাদপত্রের প্রকাশনা বাতিল-সংক্রান্ত এই ধারাটি দেশের সংবাদপত্রশিল্পে ব্যাপকভাবে সমালোচিত ছিল। এই ধারা বলে ১৯৭৪ থেকে ’৯০ সাল পর্যন্ত পত্রিকার প্রকাশনা বাতিল করা হতো।
সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আমলে ১৯৯১ সালে এই ধারাটি বাতিল করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ সাংবাদিকদের বলেন, “বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পর কমিটির সদস্যরা ডিসিদের এ ধরনের ক্ষমতা না দেয়ার পক্ষে মত দিয়েছেন।”
এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাংলাদেশ বেতারের সঙ্গীতসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পী ও সংবাদ পাঠকদের সম্মানী বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। একইসঙ্গে চারটি শ্রেণিতে ভাগ না করে দুটি শ্রেণিতে সম্মানী নির্ধারণের সুপারিশ করা হয়।
এ কে এম রহমতুল্লাহ্র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, সুকুমার রঞ্জন ঘোষ, সিমিন হোসেন রিমি, মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল ও তারানা হালিম অংশ নেন।
