২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার আদালতে হঠাৎ প্রধান বিচারপতি, অসন্তোষ প্রকাশ

মামলার কার্যক্রমে দীর্ঘসূত্রতা ও বিচারকদের ‘পর্যাপ্ত সক্রিয় ভূমিকা’ না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 09:07 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার দুপুরে হঠাৎ করে ঢাকা জেলা জজ আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শনে এসে কার্যক্রম দেখে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি।

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

এসময় প্রধান বিচারপতি কয়েকজন বিচারকের সামনে প্রশ্ন রাখেন, “মামলার শুনানির জন্য এত দীর্ঘ সময় পর পর কেন তারিখ রাখা হচ্ছে? দৈনিক কার্যতালিকায় মামলার সংখ্যা এত কম কেন? মামলার সাক্ষীরা আদালতে এত কম আসছে কেন?”

এছাড়াও মামলা পরিচালনার বিষয়ে তার বিভিন্ন প্রশ্নে বিচারকরা সন্তোষজনক জবাব দিতে না পারায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের পরিদর্শনের সময় কয়েকজন বিচারককে এজলাসে দেখা যায়নি। কয়েকজন বিচারক এজলাসে উপস্থিত থাকলেও কোনো আইনজীবী কক্ষে ছিলেন না।

পরে বিচারকদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি।

এসময় তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, “আমি কিন্তু আইনজীবী থেকে প্রধান বিচারপতি হয়েছি। আমি জানি, আইনজীবীরা আদালতকে সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতা ছাড়া ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভন নয়।

“তাই মামলা দ্রুত নিষ্পত্তি করতে আপনাদের সহযোগিতা থাকতে হবে। বিচারকদের কাছ থেকে বিচারপ্রার্থীদের জন্য ন্যায়বিচার আদায় করে নিতে হবে।

“এছাড়া আমাদের এই গরিব দেশে আদালত ও বিচারকের সংখ্যা যা আছে তাই নিয়ে ভালভাবে বিচার কাজ পরিচালনা করতে হবে।”

এসময় আদালতে পুলিশ ও বিচারকের পারস্পরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, “ফৌজদারি মামলায় আদালতে সাক্ষী উপস্থাপনের দায়িত্ব পুলিশের। যথাযথভাবে পুলিশ সাক্ষীদের প্রতি সমন বা ওয়ারেন্ট পাওয়ার পরও সাক্ষীকে আদালতে উপস্থাপনে ব্যর্থ পুলিশের জবাবদিহিতা সংশ্লিষ্ট বিচারককে নিশ্চিত করতে হবে।”

এসময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।