২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমার রায়ে মৎস্য সম্পদ আহরণের সম্ভাবনা: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভারতের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ সংক্রান্ত রায়ের ফলে মৎস্য সম্পদ আহরণের বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 08:41 PM

Updated : 25 Apr 2022, 04:25 PM

‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনের দরবার হলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের রয়েছে বিশাল উন্মুক্ত জলাশয়। নদ-নদী, খাল-বিল, হাওর-বাঁওড় ও প্লাবনভূমি ছাড়াও রয়েছে বদ্ধ জলাশয় এবং বঙ্গোপসাগরের মতো বিশাল জলারাশি।

“আজকে আমরা ২৫ হাজারের মধ্যে ১৯ হাজার ৪০০ বর্গকিলোমিটার পেয়েছি। এর ফলে মৎস্য সম্পদ আহরণের বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।”

বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সাড়ে ২৫ হাজার কিলোমিটার এলাকার মধ্যে প্রায় সাড়ে ১৯ হাজার কিলোমিটার এলাকা বাংলাদেশকে দিয়ে আন্তর্জাতিক সালিশ আদালতের রায় এদিন প্রকাশ পেয়েছে।

জলসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মাছের উৎপাদন বাড়াতে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।  মৎস্য বিষয়ে গবেষণার ওপরও জোর দেন তিনি।

‘অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান’ এই স্লোগানকে সামনে রেখে এবারের মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, “সঠিক ব্যবস্থাপনা ও সমাজভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনার মাধ্যমে প্লাবনভূমি হতে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি করার পাশাপাশি গ্রামীণ দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে।”

হাওর অঞ্চলে সঠিক মৎস্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম গ্রহণের আহ্বানও জানান কিশোরগঞ্জের হাওর অঞ্চলের মানুষ আবদুল হামিদ।

“আমি হাওর এলাকার মানুষ। শৈশব থেকেই আমি হাওরে প্রাকৃতিকভাবে জন্মানো দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সাথে পরিচিত। এসব মাছ যেমন সুস্বাদু তেমনি বৈচিত্র্যময়। কিন্তু বর্তমানে হাওর এলাকায় পূর্বের তুলনায় মাছের উৎপাদন অনেক কমে গেছে।”

দেশীয় প্রজাতির মাছের উন্নয়ন ও সংরক্ষণে সরকারের মৎস্য অভয়াশ্রমসহ বহুমুখী কর্মসূচি গ্রহণের প্রশংসাও করেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক ও প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

পরে রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।