২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে সিলেটে চার জেলায় দুর্ভোগ

তিন দফা দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে সিলেট বিভাগের চার জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:28 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

মঙ্গলবার সকাল থেকে বিভাগের সব জেলা-উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সিলেট থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।

ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডিপুল, হুমায়ুন রশিদ চত্বর, তেলিবাজারসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করছেন পরিবহন শ্রমিকরা।

তবে সিলেট মহানগরীতে অল্পকিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা জানিয়েছেন, বেলা ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। চার জেলার বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন, দাবি পূরণ না হলে লাগাতার অবরোধসহ সারাদেশে কঠোর কর্মসূচি দেয়া হবে।

তাদের তিনটি দাবির মধ্যে রয়েছে, সুনামগঞ্জে বিএনপি নেতা মুজিবুর রহমানের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক সোহেলের সন্ধান, চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানি থেকে বরখাস্ত ২৩ পরিবহন শ্রমিককে চাকরিতে পুনর্বহাল।

অবশ্য লাফার্জ সুরমা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ২৩ শ্রমিক তাদের প্রতিষ্ঠানের নয়, বরং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ভিত্তিতে তারা কাজ করতেন।

লাফার্জের কমিউনিকেশন অ্যান্ড সিআর ম্যানেজার তৌফিক ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ২৩ চালক কখনোই লাফার্জের কর্মচারী ছিল না। তারা লাফার্জের ঠিকাদারের কর্মচারী। লাফার্জ আউটসোর্স পদ্ধতিতে ঠিকাদারের সঙ্গে চুক্তির মাধ্যমে ড্রাইভিং সার্ভিস ও অন্যান্য সার্ভিস গ্রহণ করে থাকে। সম্প্রতি ড্রাইভিং সার্ভিস ঠিকাদার প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও চুক্তির শর্ত ভঙ্গের কারণে আইনানুগ ভাবে সব নিয়ম মেনে লাফার্জ ঠিকাদারের সঙ্গে ড্রাইভিং সার্ভিস চুক্তি বাতিল করেছে।”

ওই ঠিকাদার প্রতিষ্ঠানের নাম এইচ আর ট্রেডিং বলেও লাফার্জের পক্ষ থেকে জানানো হয়েছে।