২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীকে হত্যা, স্ত্রী ও কথিত প্রেমিক আটক

ঝিনাইদহের শৈলকুপায় বিদেশ ফেরৎ এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 09:20 AM

Updated : 22 Aug 2022, 06:40 PM

এ ঘটনায় নিহতের স্ত্রী জ্যোৎস্না ও তার কথিত প্রেমিক বাচ্চুকে সকাল ১০টার দিকে আটক করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, মঙ্গলবার সকালে উপজেলার গাবলা গ্রামের একটি খালের পাশ থেকে ফারুক হোসেনের (৩৮) লাশ উদ্ধার করা হয়।

ফারুক শৈলকুপা শহরের সিনেমা হল পাড়ার মকবুল হোসেনের ছেলে। দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে পাঁচ মাস আগে তিনি দেশে ফেরেন বলে জানান ওসি।

ওসি বলেন, “নিহতের দেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, সোমবার ইফতারের পর মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন ফারুক। রাতে আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার গাবলা গ্রামের খালের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। এ সময় লাশের পাশে তার মোটরসাইকেলটিও পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে ওসি জানান।