২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যর্থতার’ দায় নিয়ে যুবকের আত্মহত্যা

রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, পরিবারের দুঃসময়ে ভূমিকা রাখতে না পারায় যিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 09:58 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিসুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে পূর্ব রাজাবাজারের ১৬১ নম্বর বাড়ির দোতালার একটি বাসা থেকে হেভেন ডিকস্তার (২৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

বাবা-মা ও ছোট বোনের সঙ্গে ওই বাসায় থাকতেন তেজগাঁও কলেজের শিক্ষার্থী ডিকস্তা। তার মা নটরডেম কলেজের শিক্ষিকা। বাবা অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই বলেন, ডিকস্তা আত্মহত্যার আগে একটি চিরকুট রেখে গেছেন। বাবার চিকিৎসা ও সংসারে কোনো সহযোগিতা করতে না পারার ‘ব্যর্থতার দায়’ নিয়ে আত্মহত্যা করেছেন বলে তাতে লেখা রয়েছে।

তিনি জানান, ঘটনার সময় ডিকস্তা বাসায় একাই ছিলেন। মা ও বোন বারডেমে বাবার কাছে ছিলেন। সন্ধ্যায় হাসপাতাল থেকে ফোন করে ছেলেকে না পেয়ে অস্থায়ী গৃহকর্মীকে ফোন করে বাসায় যেতে বলেছিলেন ডিকস্তার মা।

গৃহকর্মী বাসায় গিয়ে ঘরে ডিকস্তার ঝুলন্ত লাশ দেখে ফোন করে তার মাকে জানান। পরে তিনি বাসায় ফিরে থানায় ফোন করলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।