২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারের পক্ষে সাফাই সাক্ষ্য শুরু ১৩ জুলাই

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামী ১৩ জুলাই থেকে সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 05:56 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্র্রাইব্যুনাল-১ সোমবার আজহারের পক্ষে চারজনকে সাক্ষ্য দেয়ার অনুমতি দিয়েছে।  

আদালতের আদেশে বলা হয়, “আসামিপক্ষের দাখিল করা ১৫ জন সাক্ষীর তালিকা থেকে চারজন এটিএম আজহারের পক্ষে সাক্ষ্য দিতে পারবেন।”

বৃহস্পতিবারের মধ্যে এ চারজন সাক্ষীর তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে আসামিপক্ষকে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আসামিপক্ষের দেয়া সাফাই সাক্ষীদের তালিকা খারিজে প্রসিকিউশনের আবেদনের শুনানি হয় সোমবার। প্রসিকিউশনের আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন আব্দুস সোবহান তরফদার। 

গত রোববার আজহারের মামলার তদন্ত কর্মকর্তা ও ১৯তম সাক্ষী এসএম ইদ্রিস আলীকে আসামিপক্ষের জেরা শেষ করার মধ্য দিয়ে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০১৩ সালের ১২ নভেম্বর এটিএম আজহারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত নয় ধরনের মানবতাবিরোধী অপরাধের ছয়টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের (সুপিরিয়র রেসপনসিবিলিটি) অভিযোগও আনা হয়েছে।

তার অপরাধগুলোর মধ্যে রয়েছে- হত্যা, গণহত্যা, লুণ্ঠন, ধর্ষণ, নির্যাতন, আটক, অপহরণ, শুরুতর জখম ও অগ্নিসংযোগ।

অভিযোগ গঠনের পর ২০১৩ সালের ২৬ ডিসেম্বর আজহারের বিরুদ্ধে প্রসিকিউশনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

মামলার তদন্তকালে ৬০ জনেরও বেশি ব্যক্তির সাক্ষ্য নেন তদন্ত কর্মকর্তা। প্রসিকিউশনের এক আবেদনের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়।

এরপর ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের নয় ধরনের অভিযোগে আজহারের বিরুদ্ধে তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। ২০১৩ সালের ১৮ জুলাই তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়।

ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারের বাসা থেকে ২০১২ সালের ২২ অগাস্ট আজহারকে গ্রেপ্তার করা হয়।