টঙ্গীতে যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে এক যুবকের হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. সালাহ উদ্দিন আহমদ জানান, সকাল ৯টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি রোডের পাশে একটি নর্দমায় ওই যুবকের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওই যুবকের দুহাত পেছন থেকে বাঁধা ছিল জানিয়ে তিনি বলেন, “রোববার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”
তার পরনে জিন্স প্যান্ট ও কমলা রংয়ের গেঞ্জি রয়েছে বলে জানান উপ পরিদর্শক সালাহ উদ্দিন।
