চট্টগ্রামে তক্ষক কেনাবেচার সময় গ্রেপ্তার ১০
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় তক্ষক বেচাকেনার জন্য জড়ো হওয়া ক্রেতা-বিক্রেতা চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকালের ফটিকছড়ির ভুজপুর থানার হেঁয়াকোতে এই অভিযানে দুইটি তক্ষকও উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ১০ জন হলেন- রবিউল (৩৫), হোসেইন (৩১), জসিম (২৬), মনির (২৫), আলিম (২৪), সেলিম (২৫), শহীদুল্লাহ আল নোমান (২৬), শাহদাত হোসেন (২৫), ইয়াসিন (২৫) ও মিজানুর রহমান (২৫)।
এরমধ্যে প্রথম পাঁচ জন ফটিকছড়ির বাগানবাড়ি এলাকার বাসিন্দা। শেষ পাঁচ জন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা পুলিশের এএসপি আফম নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তক্ষক বিক্রির জন্য প্রতারক চক্র এবং ক্রেতারা জড়ো হয়েছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
“এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোতালেব ও হামিদ নামের দুজন পালিয়ে যায়।”
তিনি জানান, ফটিকছড়ির বিভিন্ন এলাকা থেকে তক্ষক ধরে তা বিক্রির জন্য আনা হয়। মিরসরাই থেকে আসা লোকজন তক্ষকের ক্রেতা ছিল।
অভিযানে একটি ওজন মেশিন, নগদ ৫০ হাজার টাকা, পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, “বনবিভাগকে খবর দেয়া হয়েছে। উদ্ধার করা তক্ষক দুটি তারা নিয়ে যাবে।”
