আলতাফের নিয়োগ চেয়ে উকিল নোটিস
এবিএম আলতাফ হোসেনকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দিতে উকিল নোটিস দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
অতিরিক্ত বিচারপতি হিসাবে দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর এই বিচারককে বাদ দিয়ে তার পাঁচ সতীর্থকে গত মাসের প্রথম দিকে স্থায়ী করা হয়। ২০১২ সালের ১৪ জুন আলতাফসহ মোট ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়।
নোটিসে বিবাদীদের উদ্দেশ্যে বলা হয়, নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আলতাফ হোসেনকে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ দিতে অনুরোধ করা হচ্ছে, যার কার্যকারিতা দিতে হবে গত ১৩ জুন থেকে।
“এর অন্যত্থা হলে নিয়োগ-বঞ্চনাকে চ্যালেঞ্জ করে রিট করা ছাড়া কোনো উপায় থাকবে না।”
বাদ পড়া এই বিচারক সম্পর্কে বলা হয়, আকর্ষণীয় শিক্ষা জীবনের পাশাপাশি পেশাগত জীবনে আইনজীবী ও বিচারক হিসাবে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
দ্বৈত বেঞ্চের বিচারক হিসাবে তাদের দেয়া অনেক রায় ‘রায় জার্নাল’ ডিএলআর ও বিএলসিতেও স্থান পেয়েছে উল্লেখ করে এতে বলা হয়, অতিরিক্ত বিচারক হিসাবে দুই বছর মেয়াদ শেষের পূর্বে প্রধান বিচারপতি অন্য বিচারকদের মতো তারও ১০টি রায় পর্যালোচনা করেছিলেন।
সবার কাজে সন্তুষ্ট হয়ে তাদেরকে নিয়োগ দিতে প্রধান বিচারপতি সুপারিশ করলেও কোনো কারণ উল্লেখ না করেই রাষ্ট্রপতি তাকে বাদ দিয়ে বাকি ৫জনকে নিয়োগ দেন বলে নোটিসে উল্লেখ রয়েছে।
এর আগে ১৯৯৬-০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারে আমলে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পাওয়াদের চারদলীয় জোট নিয়োগ বঞ্চিত করে।
ইদ্রিসুর রহমানই আদালতে মামলা করলে আদালতে রায়ে ১১বিচারপতি হাই কোর্টে স্থায়ী হিসাবে নিয়োগ পান। তবে তারা জ্যেষ্ঠতা পাননি।
