২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

গাজীপুর সদর থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 12:17 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

জয়দেবপুর থানার এসআই কামরুল হাসান জানান, শনিবার গভীর রাতে চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদরের ইটাহাটা এলাকার সাহাবুদ্দিনের ছেলে মো. লিটন মিয়া (২৭), জামালপুরের দেওয়ানগঞ্জের মাদানিচর এলাকার জাকির হোসেনের ছেলে বিজন হোসেন (২৮) ও  শেরপুরের নকলা উপজেলার গোরতা বাজার এলাকার শহর আলীর ছেলে মানিক মিয়া (২৩)।

এসআই কামরুল বলেন, জামালপুর থেকে ওই তিন যুবক বাসে করে রাত সাড়ে ১২ টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় নেমে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। পরে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে লিটনের কাছে একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানান এসআই কামরুল।