২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে দেশি-বিদেশি চারটি আগ্নেয়াস্ত্রসহ ডিবি পরিচয় দিয়ে ছিনতাইয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2014, 09:59 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

গ্রেপ্তার মো. ইসমাইল হোসেন আমীর (৩১) খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকার বাসিন্দা। সে নগরীর ষোলশহর দুই নম্বর এলাকায় একটি মুদি দোকানের মালিক।

শনিবার বিকাল ৫টার দিকে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার কাছ থেকে দুটি এলজি, দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ারলেস, চার রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।”

গ্রেপ্তার আমীর পেশাদার গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাই করতো জানিয়ে বাবুল আক্তার বলেন, “একইসাথে সে নগরীতে অবৈধ অস্ত্রও বিক্রি করত। মুদির দোকানের আড়ালে সে অস্ত্র বিক্রির কাজ করত বলে জানা গেছে।”

অভিযানের সময় আমীরের এক সহকারী পালিয়ে গেছে জানিয়ে এ গোয়েন্দা কর্মকর্তা বলেন, পালিয়ে যাওয়া ওই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।