২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ রোজার মধ্যে উৎসবভাতা দাবি পোশাক শ্রমিকদের

বিশ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের‍ উৎসবভাতাসহ সব পাওনা পরিশোধ এবং শ্রমিক ছাঁটাই, নির‌্যাতন ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 03:29 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভায় এই দাবি জানান সংগঠনের নেতারা।

ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল অভিযোগ করেন, মজুরি বোর্ড ন্যুনতম মজুরি ঘোষণা করার পর বিভিন্ন পোশাক কারখানায় ব্যাপক হারে শ্রমিক ছাঁটাই শুরু হয়।

“বর্তমানেও শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। যাতায়াত ভাতা, খাদ্য ভাতা মজুরির সঙ্গে যুক্ত করে নামেমাত্র মজুরি বাড়ানো হয়েছে আর দুজন শ্রমিকের কাজ একজনকে করতে হচ্ছে।”

ঈদের আগে উৎসবভাতা না দেয়ার জন্য বিভিন্ন কারখানায় ঠুনকো অজুহাতে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।

মালিকপক্ষের এসব অপকৌশলের নিন্দা জানিয়ে বক্তারা বিশ রোজার মধ্যে পূর্ণ উৎসব ভাতাসহ সব পাওনা পরিশোধ করার দাবি জানান।

পথসভায় সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন গোলক প্রমুখ বক্তব্য রাখেন।