আসামি পালানোর ঘটনায় চুয়াডাঙ্গায় ৪ পুলিশ বরখাস্ত
চুয়াডাঙ্গায় আদালতের হাজতখানা থেকে এক আসামির পালানোর ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত অ্যাসিসট্যান্ট ট্রাফিক সাব ইন্সপেক্টর (এটিএসআই) ইছাহাক আলী, কনস্টেবল আজিজুল হক, তৌহিদুল ইসলাম ও শাহীন মিয়াকে বৃহস্পতিবার রাতেই তাদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নেয়া হয়।
চুয়াডাঙ্গা কোর্ট পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, আসামির পালানোর ঘটনায় ৪ পুলিশের কর্তব্যে অবহেলার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের কোর্টহাজতের টয়লেটের ভেন্টিলেটরের রড কেটে মোহাম্মদ শাহীন নামে এক আসামি পালিয়ে যায়।
ওই আসামি হত্যা প্রচেষ্টা ও চুরি মামলার আসামি হিসেবে প্রায় ৯ মাস চুয়ডাঙ্গা জেলা কারাগারে আটক ছিল।
