গাইবান্ধায় দরিদ্রদের বরাদ্দের চেয়ে ‘কম’ চাল দিচ্ছে
রোজা উপলক্ষে ভিজিএফ কার্ডধারী প্রতিজনকে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না।
বৃহস্পতিবার সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এসব চাল বিলি করা হয়।
১০ কেজি চালের বদলে সাড়ে সাত কেজি থেকে আট কেজি করে চাল দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তাফা রহমান জানান, তিনি ১০ কেজির পরিবর্তে প্রত্যেককে ৯ কেজি চাল দিচ্ছেন।
কারণ হিসেবে তিনি বলেন, “স্লিপ ছাড়াও অতিরিক্ত ২-৩শ’ দরিদ্র মানুষ ইউনিয়ন পরিষদে এসেছে। তাদেরকে তো খালি হাতে ফিরিয়ে দিতে পারব না।”
পূর্ব দামোদরপুর গ্রামের আব্দুল ওয়াহেদ বলেন, দাড়িপাল্লায় না মেপে প্লাস্টিকের বালতি দিয়ে চাল দেওয়া হয়।
তিনি বলেন, “সন্দেহ হলে এক দোকানে ওজন করে দেখি সাড়ে সাত কেজি চাল দেয়া হয়েছে।
“তাছাড়া এবার দেয়া চাল খাবার অনুপযোগী।”
কিশামত বড়বাড়ি গ্রামের রাজা মিয়া ও হায়দার আলী বলেন, তারা সাড়ে সাত থেকে আট কেজি করে চাল পেয়েছেন।
জামুডাঙ্গা (পাটনিপাড়া) গ্রামের যতিন্দ্র নাথ, বেপারী পাড়ার নুরজাহান বেগম, জালাদুর মোড় (বটতলা) গ্রামের চন্দন কুমার, জামুডাঙ্গা গ্রামের যেতেন্দ্র নাথ, মানিক মিয়া একই অভিযোগ করেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান জানান, রোজা উপলক্ষে এ ইউনিয়নের ১ হাজার ৫৬৪টি পরিবারের জন্য ১৫ দশমিক ৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে।
ওই চাল বিতরণের জন্য ইউনিয়নে একজন ট্যাগ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি চাল বিতরণ তদারক করছেন।
ওজনে চাল কম দেওয়ার কথা স্বীকার করে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন,“ ওজনে চাল কম দেওয়ার বিষয়ে একাধিকবার নিষেধ করা হয়েছিল কিন্তু তা উপেক্ষা করে চাল বিতরণ অব্যাহত রাখেন চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আহসান হাবীব বলেন, চাল কম দেওয়ার বিষয়টি জেনে ইউনিয়ন পরিষদে লোক পাঠানো হয়েছে।
“সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় কয়েকজন রিপোর্টার জানান, চাল কম দেওয়ার খবর পেয়ে তারা সকাল ১১টার দিকে গিয়ে দেখেন একটি প্লাস্টিকের বাতলি দিয়ে এলোমেলোভাবে চাল বিলি করা হচ্ছে।
স্লিপ হাতে নারী-পুরুষ চাল নেয়ার জন্য অপেক্ষা করছেন। অনেকে চাল নেয়ার পর পরিষদ চত্বরেই চাল ব্যবসায়ীর কাছে তা বিক্রি করছেন।
সাংবাদিকদের দেখে প্রায় আধা ঘণ্টা চাল বিলি বন্ধ রাখেন তারা।
এদিকে, ওই ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন জানান, কয়েকজন দরিদ্রকে চালের স্লিপ দিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান বাকি স্লিপ তার পছন্দের লোকজনকে দিয়েছেন।
চেয়ারম্যানের পরিচিত ওইসব লোক চাল তুলে সঙ্গে সঙ্গে পরিষদ চত্বরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
তিনি বলেন, “চাল পেয়ে অসহায় লোকজন খুশি হওয়ার কথা, কিন্তু দশ কেজির বদলে সাত/আট কেজি চাল পেয়ে তাদের মুখ মলিন হয়ে গেছে।”
