‘সরকার জামায়াতের টোপ গিলছে’
যুদ্ধাপরাধের বিচারে ‘ধীরগতিতে’ অসন্তোষ জানিয়ে সরকারের সমালোচনা করেছেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের ইমাম ফরিদ উদ্দীন মাসউদ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “সরকার জামায়াতের টোপ গিলছে। জামায়াত সরকারকে বোঝাচ্ছে, আপনারা তো ভালোই দেশ চালাচ্ছেন। শুধু-শুধু সাঈদী, নিজামীর ফাঁসি দিয়ে অস্থিরতা সৃষ্টির দরকার কী। আর সরকারও তাদের ফাঁদে পা দিচ্ছে।”
‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধে করণীয়’ শীর্ষক এ সভার আয়োজন করে কামাল পাশার নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের একাংশ।
মতবিনিময়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, “জামায়াত তাদের আন্তর্জাতিক লবিং অব্যাহত রেখেছে। গতকাল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনাসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়াতেই তা প্রমাণিত।”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘সমন্বয়হীনতা’ রয়েছে বলেও মন্তব্য করেন এই সাংবাদিক।
তিনি বলেন, “নিজামীর মামলার ট্রাইব্যুনালে তিন মাস কোনো বিচারক ছিল না। তা জানার পরেও সরকার কেন বিচারক নিয়োগ দিল না?
“সরকার যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরে আসলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা।”
ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাঈফী বলেন, “জামায়াত-শিবিরকে শুধু যুদ্ধাপরাধের কারণে নয়, ইসলামকে বাঁচানোর জন্যও প্রতিহত করতে হবে। তারা ধর্মকে ভুলভাবে ব্যাখ্যা করে তা থেকে ফায়দা নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।”
কামাল পাশা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুস, গৌরব ৭১’র সভাপতি আজাদ আবুল কালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক শাহীন রেজা নূর, শিল্পী মনিরুজ্জামান, গণজাগরণ মঞ্চের সংগঠক হাবিবুল্লাহ মেজবা, মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।
