২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের পরিচালক সোলায়মান রিমান্ডে

অর্থ আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মানকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 07:44 PM

Updated : 13 Oct 2022, 12:18 PM

পুরনো খবর:

শাহজালাল ব্যাংকের পরিচালক গ্রেপ্তার

বৃহস্পতিবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান তার রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত ‍উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম সোলায়মানের ১০ দিনের হেফাজত চাইলে শুনানি শেষে বিচারক সাত দিনের হেফাজত মঞ্জুর করেন।

গত ১৩ এপ্রিল নগরীর কোতোয়ালি থানায় শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের সাবেক চেয়ারম্যান সোলায়মানের বিরুদ্ধে ১৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে। পরে মামলাটি দুদকে নথিভুক্ত হয়।

গত ২৫ জুন দুদকের অভিযানে ঢাকার বিজয় নগর আকরাম টাওয়ার থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়।

এদিকে বৃহস্পতিবার শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সোলায়মানের ছবি তোলার চেষ্টা করলে তার লোকজনের হামলায় চার সাংবাদিক আহত হন।

হামলায় চ্যানেল টোয়েন্টিফোরের চিত্রগ্রাহক শফিক আহমদ সজিব মাথায় এবং প্রতিবেদক জামশেদুল করিম হাতে আঘাত পান। এছাড়া দৈনিক সমকালের প্রতিবেদক আহমেদ কুতুব ও চিত্র সাংবাদিক রাশেদ মাহমুদ আহত হন।

জামশেদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছবি তুলতে গেলে মো. সোলায়মানের সঙ্গে থাক লোকজন হামলা চালায়।

এডিসি রেজাউল মাসুদ বলেন, ছবি তুলতে বাধা দেয়ায় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামরায় ধারণ করা ছবিতে এক ব্যক্তিকে ছাতা দিয়ে হামলা করতে দেখা গেছে।

“তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি। আহতদের কেউ সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত লিখিত কোনো অভিযোগও দেননি।”

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী ও সাধারণ সম্পাদক হাছান ফেরদৌস এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি শামসুল হক হায়দারী ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।