শাহজালাল ব্যাংকের পরিচালক গ্রেপ্তার
নিজের প্রতিষ্ঠান থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক মো. সোলায়মান।
দুর্নীতি দমন কমিশনের অভিযানে গ্রেপ্তার হওয়ার পর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সোলায়মান দাবি করেছেন, তিনি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এ কে আজাদের ‘ষড়যন্ত্রের’ শিকার।
এই অভিযোগ প্রত্যাখ্যান করে এ কে আজাদ বলেছেন, সোলায়মানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা করতে যাচ্ছেন তারা।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বেলা সাড়ে ১২টায় সোলায়মানকে রাজধানীর বিজয় নগর আকরাম টাওয়ার থেকে গ্রেপ্তার করা হয়।
শাহজালাল ব্যাংক কর্তৃপক্ষের মামলায় দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে এই গ্রেপ্তার অভিযান চলে।
প্রণব ভট্টাচার্য বলেন, সোলায়মানের বিরুদ্ধে ব্যাংকের ১৪৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে বলেও তিনি জানান।
গ্রেপ্তারের পর দুদক কার্যালয়ে সোলায়মান সাংবাদিকদের বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমি আজাদ সাহেবের (এ কে আজাদ) নানা ধরনের অনৈতিক কাজের বিরোধিতা করেছি বলেই আমাকে গ্রেপ্তার করানো হয়েছে।”
সোলায়মান গ্রেপ্তারের পর বিকালে ব্যাংকের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ।
তিনি বলেন, “সোলায়মান সাহেবের বিরুদ্ধে আরো ২৫ কোটি টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। তাই আজ ব্যাংক বোর্ডের এক জরুরি সভায় তার বিরুদ্ধে আরো একটি মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
সোলায়মান ২০১০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ওই সময়ে তিনি ১৪৯ কোটি টাকা আত্মসাত করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সোলায়মানের অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ কে আজাদ বলেন, “তিনি মোট ৬১টি চেকের মাধ্যমে এই অর্থ উত্তোলন করেছিলেন। সবগুলো চেক আমাদের কাছে রয়েছে। যে কেউ দেখতে চাইলে দেখতে পারেন।”
