গাজীপুরে ‘অবৈধভাবে’ চলছে এমএলএম কার্যক্রম
গাজীপুরে অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম চালাচ্ছে, যেখানে স্থানীয়রা অর্থ বিনিয়োগ করছে।
লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামের প্রতিষ্ঠানটি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে আবেদন করে লাইসেন্স পায়নি।
এই কোম্পানির নানা আর্থিক লাভ ও কমিশনের আশ্বাসে সাধারণ মানুষ গ্রাহক তৈরি, পণ্য বিক্রি ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়ছে ব্যাপকভাবে।
এতে প্রতারণার ফাঁদে পড়ে হাজারো গ্রাহক সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
এর আগে ডেসটিনি ২০০০ ও ইউনিপে দু ইউ নামের দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রহকদের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ কারণে ইতোমধ্যে ডেসটিনির লাইসেন্স বাতিল করেছে।
লাইফওয়ের গ্রাহক জামালপুরের মো. রফিকুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট। আট মাস আগে তিনি এ ব্যবসায় যোগ দিয়েছেন।
তিনি জানান, ‘এ’ গ্রেডের গ্রাহক হতে তাকে ৩০ হাজার টাকা দিয়ে পণ্য কিনতে হয়েছে। পরবর্তীতে তাকে আরো নতুন গ্রাহক বাড়াতে হয়েছে। নতুন নতুন গ্রাহকদের নিয়ে এসে এ কার্যালয়ে প্রতিদিন ট্রেনিং দেয়া হচ্ছে। ট্রেনিং দিয়ে এক হাজার টাকায় একটি নির্দেশিকা ও আরো অতিরিক্ত ৩০ টাকা করে নেয়া হয়।
‘এ’ গ্রেডে ৩০ হাজার, ‘বি’ গ্রেডে ২২ হাজার ও ‘সি’ গ্রেডে ১৮ হাজার টাকার পণ্য কিনে তাদের গ্রাহক হতে হয় বলে রফিকুল জানান।
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ ও ফার্মসের (আরজেএসসি) নিবন্ধক বিজন কুমার বৈশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরজেএসসি ৬০ দিন তদন্ত করে ১৭টি লাইসেন্স আবেদন বাতিল করেছে।
নতুন আইনে এমএলএম ব্যবসা চালাতে ২১টি কোম্পানি লাইসেন্সের জন্য আবেদন করলেও চারটি কোম্পানি অনুমোদন পায়, যার মধ্যে ‘লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নেই।
লাইসেন্সের আবেদন করে যারা পাননি তারা এমএলএম আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল করতে পারবেন। পরবর্তী ৪৫ দিনের মধ্যে শুনানি শেষ হবে। পরবর্তী সিদ্ধান্ত ৭ দিনের মধ্যে জানানো হবে।
তবে এর মধ্যে কোনো কোম্পানি ব্যবসা চালাতে পারবে না বলে তিনি জানান।
তিনি আরো বলেন, আবেদনকারীদের আপিল শুনানি শেষে মন্ত্রণালয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলছে।
“তবে আমরা এ ব্যবসার মাধ্যমে শত শত লোকের কর্মসংস্থান করে যাচ্ছি,” বলেন তিনি।
একই কথা জানান ওই কার্যালয়ের ডায়মন্ড কর্মকর্তা রাশেদুর রহমান সুমন।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখতে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।
