২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ফাঁস: ব্যারিস্টার ফখরুলের জামিন নাকচ

বিএনপি নেতা যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় ফাঁসের মামলায় গ্রেপ্তার তার আইনজীবী এ কে এম ফখরুল ইসলামের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 04:17 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

ফখরুলের করা জামিন আবেদনের চূড়ান্ত করে বৃহস্পতিবার বিচরপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ খারিজের এই রায় দেয়।

ফখরুলের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা। এ সময় সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলীও আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।

এর আগে গত ২২ এপ্রিল সাকার আইনজীবী ফখরুল ইসলামকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাই কোর্ট। চূড়ান্ত শুনানির পর ওই রুলটিই খারিজ হলো।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গত ২০ নভেম্বর সেগুন বাগিচায় পাইওনিয়ার রোডের চেম্বার থেকে আইনজীবী ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, গত ১০ অক্টোবর ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী এবং ১৩ অক্টোবর ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ফারুক হোসেন বিচারকের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন, তার ভিত্তিতেই ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

ফখরুলের পরিকল্পনায় তার সহকারী মেহেদী হাসান পেনড্রাইভের মাধ্যমে রায়ের খসড়া কপি ট্রাইব্যুনাল থেকে সরিয়ে নিয়ে ওয়েবসাইটে প্রকাশ করেন বলে ওই দুই আসামি আদালতকে জানিয়েছেন বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়।

গণমাধ্যমে ওই স্বীকারোক্তি প্রকাশের পর ফখরুল হাই কোর্টে আগাম জামিনের আবেদন করে করেও বিফল হন। সর্বশেষ এই আদালত গত এপ্রিলে জামিনের বিষয়ে রুল জারি করে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ড দেয় আদালত। তবে রায়ের আগেই বিএনপি নেতার স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালের সামনে ওয়েবসাইট থেকে সংগৃহীত ‘রায়ের কপি’ সংবাদকর্মীদের দেখান।

এরপর তুমুল আলোচনার মধ্যে ট্রাইব্যুনাল স্বীকার করে রায়ের খসড়া ফাঁস হয়েছে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ধারায় শাহবাগ থানায় মামলা করেন।

মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ফারুক ও নয়ন বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য আসামি ফখরুলের সহকারী মেহেদী এখনো পলাতক।