২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চার খুনের মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড

বাগেরহাটের শরণখোলায় একই পরিবারের চারজনকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এস সোলায়মান এ রায় ঘোষণা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার বামনা উপজেলার গুদিঘাটা গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে আব্দুল কুদ্দুস, জোয়ারতলা গ্রামের মতিয়ার সরদারের ছেলে শহীদ সরদার ওরফে শহীদুল হক সরদার, তার স্ত্রী মফিলা বেগম, পিরোজপুরের বড়মাছুয়া গ্রামের মোতাহার আলী ফকিরের ছেলে শাহ আলীম ওরফে আলীম ফকির এবং ঢাকার খিলগাঁও থানার রামপুরা বাইদ্যাপট্টি এলাকার কদম আলী ওরফে হাইলা ওরফে হালিম কসাইয়ের ছেলে ওহিদুল ওরফে শহীদুল।

সব আসামি পলাতক বলে ওই আদালতের আইনজীবী জানান।

মামলার বরাত দিয়ে ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ মোহম্মদ আলী বলেন, ২০০০ সালের ৯ মার্চ রাতে শরণখোলার লাকুড়তলা গ্রামের গাজী শাহবুদ্দিনের বাড়িতে বেড়াতে আসেন আসামিরা। ওইরাতে খাওয়াদাওয়া শেষে সঙ্গে আনা মিষ্টিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ও খাইয়ে শাহবুদ্দিনসহ পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে তারা।

পরে বাড়িতে রাখা নগদ আশি হাজার টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে এবং যাওয়ার সময় শাহাবুদ্দিনের ছেলে মনির হোসেনকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে এবং শাহবুদ্দিন, তার স্ত্রী তাহমিনা খাতুন ও দুই মেয়ে শিউলী খাতুন ও লিলি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কাটে। পরে শিউলী আক্তার বেঁচে যায়।

পরদিন সকালে প্রতিবেশীরা শাহবুদ্দিনের বাড়ি এসে ডাকাডাকি করে কারও কোন সাড়াশব্দ না পেয়ে বসত ঘরে গিয়ে শাহবুদ্দিনের মেয়ে শিউলী আক্তারকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনার পরদিন নিহত শাহবুদ্দিনের ভগ্নিপতি মো. ইলিয়াস হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।