২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে স্কাউটস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সভাপতি আবদুল করিমের নেতৃত্বে বাংলাদেশ স্কাউটস’র একটি প্রতিনিধি দল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 08:46 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে স্কাউটস’র বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করে জানানো হয়, সংগঠনটি গত তিন বছরে সামাজিক উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়েছে।  

তারা রাষ্ট্রপতিকে আরো জানান, বর্তমানে সারাদেশে ১৩ লাখ স্কাউট রয়েছে। আগামী ২০১৫ সালের মধ্যে এই সংখ্যা ১৫ লাখে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ১৬ জুলাই অনুষ্ঠিতব্য সংগঠনের ৪৩তম বার্ষিক সাধারণ সভায় যোগ দেয়ার সম্মতি দেয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রাষ্ট্রপতি স্কাউটের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং স্কাউট আন্দোলনকে আরো শক্তিশালী ও সম্প্রসারণ করার ওপর জোর দেন।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একটি প্রতিনিধি দলও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে।

প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দেন সংগঠনের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রতিনিধি দলটি এ সময় রাষ্ট্রপতিকে সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আবদুল হামিদ তাদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং উদ্দেশ্যপ্রণোদিত খবর পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।