২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় গৃহকর্মীকে ‘নির্যাতন’, গৃহকর্তা আটক

পাবনা শহরে ‘নির্যাতনের শিকার’ এক গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়ির গৃহকর্তাকে আটক করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 05:44 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে একটি ফ্লাট থেকে খাদিজা খাতুনকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।  

পাবনা সদর থানার এসআই মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার সাঁথিয়া উপজেলার হাটবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে খাদিজা খাতুনকে মাসিক এক হাজার টাকা বেতনে শহরের দিলালপুর মহল্লার রবিউল মার্কেট অ্যান্ড এপার্টমেন্টের ৪র্থ তলার ৪১৩ নং ফ্ল্যাটের মালিক পিন্টা মোল্লার বাসায় রাখা হয়।

গৃহকর্তা পিন্টা, তার স্ত্রী ও ছেলে নানা অজুহাতে খাদিজাকে শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বাবা-মায়ের কাছে যেতে চাইলে তাকে ঘরে আটকিয়ে রাখা হতো।

সোমবার খাদিজার মা মমতা খাতুন মেয়ের সঙ্গে দেখা করতে ওই ফ্লাটে গেলে তাদের সামনে আসতে দেয়া হয়নি।

এসআই মনিরুল আরো জানান, মঙ্গলবার দুপুরে মা মমতা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিকেলে ওই ফ্লাটে অভিযান চালিয়ে গৃহকর্মীকে উদ্ধার করে এবং গৃহকর্তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আটক গৃহকর্তা পিন্টা মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকদিন আগে তার বাসা থেকে ৫০ হাজার টাকা চুরি হয়েছে। এজন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, নির্যাতনের বিষয়টি সঠিক নয়।

এ ব্যাপারে খাদিজার মা মমতা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার প্রতিবন্ধী মেয়েকে সুখের আশায় পিন্টা ভাইয়ের বাড়িতে কাজে পাঠাই। কিন্তু টাকা চুরির অপবাদ দিয়ে আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালায়।

“গত সোমবার ওই বাসায় গেলে আমার সামনে মেয়কে না এনে বাড়ি বেচে টাকা আনতে বলে।”

মেয়েটির বাবা আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মেয়ে চুরির করতে পারে না। আমি নির্যাতনের বিচার চাই।”

পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গৃহকর্মীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমাদের লোকজন মেয়েটিকে উদ্ধার করেছে। চিকিৎসা দিয়ে তাকে বাবা মায়ের কাছে ফেরত দেওয়ার পক্রিয়া চলছে।