ফরমালিন আইন অনুমোদন, এফবিসিসিআইয়ের ধন্যবাদ
‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৪’ মন্ত্রিসভায় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আইনকে স্বাগত জানিয়ে বলা হয়, “এফবিসিসিআই মনে করে এ আইনের বাস্তবায়ন ফরমালিনের ভয়াবহ ক্ষতি থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে পারে।
“ফরমালিন সংক্রান্ত একটি আইন প্রণয়নের ব্যাপারে দেশের ব্যাবসায়ী সমাজসহ আপামর জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল। সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় এফবিসিসিআই-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং আইনটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”
খাদ্যদ্রব্যে ফরমালিনের অপব্যবহার নিয়ে দেশের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার মধ্যেই সোমবার মন্ত্রিসভায় পাস হয় ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৪’।
এই আইন অনুযায়ী কোন ব্যাক্তি লাইসেন্স ছাড়া ফরমালিন আমদানি, উৎপাদন, পরিবহন, মজুদ, বিক্রি ও ব্যবহার করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
