২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ নিয়ে আলোচনা ছিল ন্যূনতম: মোমেন

চলতি মাসে নিউ ইয়র্কে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বৈঠকে সংলাপ নিয়ে ‘ন্যূনতম’ আলোচনা হয়েছে জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তি নেই।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 09:22 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

জাতিসংঘে বাংলাদেশের মিশন প্রধান মোমেন সোমবার তার জেলা সিলেটের ডাক বাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্প্রতি নিউ ইয়র্কে গেলে তার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে তার মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকে রাষ্ট্রপতি সংলাপের বিষয়ে সরকারের কোনো ‘কার্পণ্য’ নেই জানিয়ে বলেন, মেয়াদ শেষে সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং তা নিয়ে সংলাপও হতে পারে।

ওই বৈঠকের বিষয়বস্তু নিয়ে নেতিবাচক প্রচারণা হয়েছে মন্তব্য করে মোমেন বলেন, “সংলাপ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির ন্যূনতম আলোচনা হয়েছে। এটা প্রধান আলোচ্য বিষয় ছিল না। কিন্তু মিডিয়াতে মনগড়া, বানোয়াট সংবাদ ছাপা হয়েছে।”

৫ জানুয়ারি নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যায়িত করে বিএনপির পক্ষ থেকে সংলাপের তাগিদ জানানো হচ্ছে। পশ্চিমা দেশগুলোও ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সংলাপের আহ্বান জানাচ্ছে।

এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, “নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো নেতিবাচক ধারণা নেই। এগুলো নিয়ে তাদের মাথাব্যথাও নেই। জাতিসংঘ মনে করে, বাংলাদেশ মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।”

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে ‘মডেল’ হিসেবে পরিচিতি লাভ করছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের এই এগিয়ে চলার পথে দল-মত নির্বিশেষ সবাইকে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় মোমেনের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।