ছোলা-খেজুরের সঙ্গে কাবাব-রোস্টের পসরা
রোজার শুরুতে রাজধানীজুড়ে রেস্তোরাঁর সামনে ও ফুটপাতে টেবিল সাজিয়ে শুরু হয়েছে ইফতার বিকিকিনি।
সোমবার প্রথম রোজায় রাজধানীর ছোট ছোট অলি-গলিতে কেউ পেঁয়াজু, আলুর চপ ও ছোলা নিয়ে, আবার কেউ শুধু মুড়ি নিয়ে রাস্তার ফুটপাতে ছোট্ট পরিসরে বসে যান ইফতার বিক্রিতে।
ধানমন্ডি, কারওয়ান বাজার, বেইলি রোড ও গুলশানসহ প্রায় সব জায়গায় চলে ইফতার বিক্রি। নামি-দামি হোটেল ও রেস্তোরাঁ মালিকরা ইফতার নিয়ে বসে যান নিজেদের প্রতিষ্ঠানের সামনে। তবুও মানুষ ছোটেন পুরান ঢাকার দিকে।
পুরান ঢাকার নানা পদের ঐতিহ্যবাহী ইফতারের টানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সবচেয়ে বেশি ক্রেতা ভিড় জমান চকবাজারে।
চকবাজারের এই ‘ইফতার পাড়ায়'গিয়ে দেখা যায়- সুতি কাবাব, জালি কাবাব, কবুতর ও কোয়েলের রোস্ট, খাসির রানের রোস্ট, দই বড়া, বিভিন্ন ধরনের কাটলেট, দুই কেজি ওজনের শাহী জিলাপী, লাবাং, কিমা পরটাসহ নানা পদের খাবার সাজিয়ে বসে পড়েছেন বিক্রেতারা।
দিনের কর্মব্যস্ততা শেষে বিকালে সেখানে ভিড় জমান রোজাদাররা।
তীব্র গরমে ক্লান্তির ছাপ সবার চোখেমুখে। এরমধ্যেও প্রথম রোজার ইফতারে ঐতিহ্যবাহী মুঘল খাবারের স্বাদ নিতে উৎসাহ-উদ্দীপনায় কেনাকাটা।
বরাবরের মতো এদিন দুপুর থেকেই ইফতারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে একশ গজের ওই ইফতারের বাজারে ভিড় বাড়ে পাল্লা দিয়ে।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চকবাজারের এই ইফতার পাড়ায় কথা হয় আরামবাগের বাসিন্দা আসাদ হোসেনের সঙ্গে।
এতো দূর কেন আসলেন জানতে চাইলে তিনি বলেন, নগরজুড়ে ইফতার বিক্রি হলেও চকবাজারের মতো ইফতার কোথাও পাওয়া যায় না। অবশ্য বেইলি রোডেও ভাল ভাল ইফতার পাওয়া যায়।
দইবড়া, সুতি ও জালি কাবাব, ফালুদা ও ফিরনি চকবাজারের মতো শহরের আর কোথাও পাওয়া যায় না বলে অভিমত তার।
কী কী কিনেছেন জানতে চাইলে একটু হেসে আসাদ বলেন, পছন্দের ইফতার ছাড়াও বড় জিলাপি, হালিম ও খাসির রোস্ট কিনেছেন।
তবে গত বছরের চেয়ে দামটা একটু বেশি।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ফেরদৌসের পছন্দ পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার ‘বড় বাপের পোলায় খায়’, যা বানানো হয় গরুর কিমা, কলিজি, মগজ, চিকেন, চিড়া, ডাল, সুতি কাবাব, আলু ও ডিমসহ ১২ ধরনের মসলা দিয়ে।
“শুধু নাম শুনেছি। তাই আজ কিনতে এসেছি বাবার সঙ্গে”, বলে ছোট এই ছেলেটি।
এক কেজি ‘বড় বাপের পোলায় খায়’ এর দাম চারশ’ টাকা বলে দোকানি হারুন জানান।
চকবাজারের শাহী জিলাপিরও ভক্ত কম নয়। এক কেজি ওজনের একেকটি জিলাপি কিনতেও দোকানের সামনে ছিল উপচে পড়া ভিড়।
ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কমেনি চকের কাবাবের আকর্ষণ; সুতি কাবাব, শামি কাবাব, জালি কাবাব ব্যাপক পরিমাণে বিক্রি হয় এদিনও। খাসির সুতি কাবাব প্রতি কেজি বিক্রি হয় ৫০০ টাকায়। আর গরুর কাবাব ৪০০ টাকা কেজি।
গরমের কথা মাথায় রেখে বিভিন্ন স্বাদের নানা ধরনের শরবতও বেচতে দেখা গেল চকবাজারে।
সেই মুঘলাই রোশনাই নেই, নেই ঢাকাই নবাবী; তবে সাবেক কালের ঐতিহ্য ধরে রেখে এখনো জমজমাট পুরান ঢাকার চকবাজারি ইফতারি। ইফতারের সুগন্ধ ছড়ায় বাজারের বাতাসে।
