২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান

সাংবাদিকদের নিয়ে করা বক্তব্য প্রত্যাহারের জন্য শামীম ওসমানের প্রতি আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

নারায়ণগঞ্জের আলোচিত এই সাংসদ সাংবাদিকদের সম্পর্কে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন বলে সোমবার সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়।

এতে বলা হয়, “নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান সম্প্রতি যে কদর্য ও নোংরা ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেছেন সম্পাদক পরিষদ তার তীব্র নিন্দা জানাচ্ছে।

“সংসদ সদস্য তো নয়ই, একজন সাধারণ মানুষের মুখ থেকেও এ ধরনের অশ্লীল মন্তব্য কল্পনাও করা যায় না। আমরা মনে করি, শামীম ওসমান বিভিন্ন মহলের প্রশ্রয় পেয়ে বেপরোয়া হয়ে উঠেছেন। তার আচরণ ও উচ্চারণে শুধু নিজেকেই নয়, সংসদের মর্যাদাও ক্ষুণ্ন করেছেন।”

সম্প্রতি একটি পত্রিকায় শামীম ওসমানকে উদ্ধৃত করে বলা হয়, “সাংবাদিকরা হচ্ছে কুকুর। আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ার অনেকে পয়সা হলে বাড়িতে কুকুর পুষত। ওদের বাড়ির সামনে গেলে কুকুরগুলো মুখ ভেংচাত। এরপর যাদের আরও পয়সা হলো, তারা মিডিয়া পোষা শুরু করল। এগুলো হলো অ্যালসেশিয়ান কুকুর। প্রশিক্ষিত। লাথি দিলেও এগুলো কামড়াতে আসে।

“যেমন ধরেন, বসুন্ধরার শাহ আলম। ওর আছে চারটা। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, একটি অনলাইন পত্রিকা আর আরেকটি সান না কী যেন নামের ইংরেজি পত্রিকা। বাবুলের একটা পত্রিকা ছিল, আরেকটা টেলিভিশন নিছে। আজাদ সাহেব, ওনার আগে পত্রিকা ছিল একটা, তার আরেকটা লাগবে। নতুন করে একটি টিভি চ্যানেল নিছে। পত্রিকা আছে একটাই, সেইটা হইলো ইত্তেফাক৷”

Image
ছবি: গোলাম সারওয়ার

ছবি: গোলাম সারওয়ার

অবিলম্বে শামীমকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে সম্পাদক পরিষদের বিবৃতিতে বলা হয়, “কোনো ভয়ভীতি, রক্তচক্ষু সাংবাদিকদের সাহসিকতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।”

গত বছর মে মাসে দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারকে সভাপতি এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামকে সাধারণ সম্পাদক করে সম্পাদক পরিষদ গঠন করা হয়।

 এই পরিষদের অন্য সদস্যরা হলেন-মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), আনোয়ার হোসেন (ইত্তেফাক), মতিউর রহমান (প্রথম আলো),রিয়াজউদ্দিন আহমেদ (নিউজ টুডে),এ এম এম বাহাউদ্দীন (ইনকিলাব), এ এইচ এম মোয়াজ্জেম হোসেন (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), নুরুল কবীর (নিউ এজ), শ্যামল দত্ত (ভোরের কাগজ), ইমদাদুল হক মিলন (কালের কণ্ঠ), নঈম নিজাম (বাংলাদেশ প্রতিদিন),খন্দকার মুনীরুজ্জামান (সংবাদ), আলমগীর মহিউদ্দিন (নয়া দিগন্ত), মোস্তফা কামাল মজুমদার (নিউ নেশন), মোজাম্মেল হক (করতোয়া), এম এ মালেক (আজাদী) ও স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী (পূর্বকোণ)।