২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনমন্ত্রীকে হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

মোবাইলে এসএমএস পাঠিয়ে আইনমন্ত্রী আনিসুল হককে হুমকি দেয়ার অভিযোগে সিলেটে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

ও সিলেট প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 06:11 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

গ্রেপ্তার ফয়জুর রহমান (২৮)সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপাড় নোয়াকোট এলাকার ওয়াজেদ আলীর ছেলে।

সোমবার সকালে সিলেট নগরীর বাদামবাগিছা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

ফয়জুর সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এক বছরের মধ্যে তিনি ইসলামী ছাত্রশিবিরের কর্মী হিসেবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে র‌্যাবের মুখপাত্র এ টি এম হাবিবুর রহমান জানিয়েছেন।

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিচারাধীন মামলার রায় ঘোষণা না করতে ফয়জুর আইনমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ।  

র‌্যাব মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোররাতে আইনমন্ত্রীকে এসএমএস পাঠিয়ে হুমকি দেয়ার পর র‌্যাব প্রযুক্তির সহায়তায় অবস্থান সনাক্ত করে তাকে গ্রেপ্তার  করে।”

র‌্যাব-৯ এর অপারেশন কর্মকর্তা ফজলুর রহমান বলেন, “ফয়জুর হুমকি দিয়েছিলেন, মতিউর রহমান নিজামীর বিচারের রায় ঘোষণা এবং তা কার্যকর করলে আইনমন্ত্রীকে হত্যা করা হবে।”