২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: আবারো সময় আবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় আবার পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 03:29 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন থাকলেও মামলার নতুন তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী নতুন করে সময়ের আবেদন করেন।

শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এরফানউল্লাহ আগামী ১৩ অগাস্ট প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন।

মামলার নথিপত্র সূত্রে জানা যায়, এ নিয়ে ২৬ বার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় পেছালো।

এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হুমায়ুন কবির মোল্লা জানান, গত ১৮ মার্চ নতুন তদন্ত কর্মকর্তা মামলার তদন্তভার গ্রহণের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। পরদিন আদালত তা মঞ্জুর করে।

মামলার তদন্তের অগ্রগতি জানতে চেয়ে গত ১৬ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত মামলার তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করেছিল।

তদন্ত কর্মকর্তা ওয়ারেছ আলী জানান, ইতিমধ্যে আদালতের নির্দেশে গ্রেপ্তার আট আসামি ও স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য আলামত যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

তবে এ হত্যার তদন্ত বিষয়ে গঠিত কমিটির অনুমাত ছাড়া বিষয়টির অগ্রগতি সম্পর্কে তিনি কিছু জানাতে অপারগতা জানান।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

এরপর তিন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম, ডিবি পুলিশের পরিদর্শক রবিউল আলম ও র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জাফর উল্লাহর  হাত ঘুরে র‌্যাবের সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া মামলাটি তদন্ত করছেন।