আশুলিয়ায় ব্যবসায়ীর লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, রোববার সকাল ৮ টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুর রহমান টাঙ্গাইলের বাসাইল উপজেলার চড়পাড়া গ্রামের বাসিন্দা। ঢাকা থেকে বিভিন্ন তৈরি পোশাক কিনে নিয়ে বাসাইলে বিক্রি করতেন তিনি।
ওসি বদরুল আলম বলেন, শনিবার রাতে আবদুর রহমান ব্যবসার কাজে ঢাকায় আসার জন্য একটি মাইক্রোবাসে উঠেন। এরপর থেকেই তার কোন খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা।
“নিহতের শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে মারধর করে শ্বাসরোধে হত্যার পর রাতের কোন সময় লাশ সড়কের পাশে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
