২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্য আটক

চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। দুটি চুরি যাওয়া মোটর সাইকেলও উদ্ধার করেছে তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতি ও শুক্রবার দুই দিনের অভিযান শেষে শনিবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আটক চার জন হলেন- আসাদুল্লাহ আসাদ (৩০), নুরুল ইসলাম সুলতান (৩৮), আনোয়ার (৩০) ও কাইয়ুম (২৬)।

আটক চারজন পুলিশকে জানিয়েছে, চোরাই মোটর সাইকেল ‘গন্তব্যে’ বা ক্রেতার কাছে পৌঁছে দিতে ‘প্রেস’ এবং ‘এএফআর’ লেখা স্টিকার ব্যবহার করা হতো।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাতে নগরীর ওআর নিজাম সড়কে একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে মোটর সাইকেল চুরির চেষ্টার সময় আসাদ ও সুলতানকে গ্রেপ্তার করা হয়।”  

“জিজ্ঞাসাবাদে জানা যায়, এ চক্রের সদস্য আসাদ, সুলতান, কাইয়ুম, আনোয়ার, রিয়াজ, ঢাকাইয়্যা নজরুল, সোহেল ও জুয়েল। তারা বানানো চাবি দিয়ে তালা খুলে ও লক ভেঙ্গে মোটর সাইকেল চুরি করে।”

আটক দুই জনের দেয়া তথ্যের ভিত্তিতে নগরীর স্টেশন সড়কের একটি হোটেল থেকে আনোয়ারকে এবং দেওয়ানহাট এলাকা থেকে কাইয়ুমকে শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার জানান, চোরাই গাড়ির নির্দিষ্ট ক্রেতা হলেন দলনেতা জাবেদ ও সুমন । নগরীর ডবলমুরিং থানার পান্না পাড়া এলাকায় আটক কাইয়ুমের বাসায় চোরাই গাড়ি রাখা হতো।

“দলনেতার নির্দেশে চোরাই মোটর সাইকেল নগরী এবং সীতাকুণ্ডের কয়েকটি নির্ধারিত গ্যারেজে লুকিয়ে রাখা হতো। পরে ‘প্রেস’ ও ‘এএফআর’ স্টিকার লাগিয়ে তা গন্তব্যে পৌঁছে দেয়া হতো।”