কেরানীগঞ্জে ব্যবসায়ী খুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় একটি সেলাই কারখানার ভেতরে ঢুকে এর মালিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরের দিকে কালিগঞ্জ এলাকার ঢালী টাওয়ারের পঞ্চমতলার ওই কারখানাটিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক কর্মচারী।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, সকাল ১১টার দিকে আহমদ হোসেন আরিফের (২৯) লাশ উদ্ধার হয়। তার বাড়ি মুন্সীগঞ্জের টুঙিবাড়ির পূর্বদানি গ্রামে।
কর্মচারী বাতেনকে (২৫) মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে বলে জানায় পুলিশ।
তবে, আটকে রাখা ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে আশপাশের লোকজন বন্ধ কারখানার ভেতর থেকে গোঙানির শব্দ পেয়ে কারখানার তালা ভেঙে ভেতরে রক্তাক্ত দুজনকে দেখে পুলিশে খবর দেয়।
ঘটনার পর থেকে ওই ভবনের দারোয়ান কেরামত আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছেন ওই এলাকার দোকানি সবুজ।
ব্যবসায়ীরা আরিফের কারখানা থেকে চুক্তিতে প্যান্ট সেলাই করে নিত। কারখানাটিতে ৭/৮ জন লোক কাজ করে। তবে কারখানার কোনো নাম নেই।
লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
