খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত
খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক চরপন্থী নেতা নিহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে থুকড়া গ্রামের শান্তিনগর এলাকার এ ঘটনায় নিহত লিটু সরদার (৩৮) নিষিদ্ধ চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানের সময় চরমপন্থীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত লিটুর বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে। তার বাড়ি থুকড়া গ্রামে।
ওসি এম মসিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে যৌথ অভিযান চালিয়ে থুকড়া গ্রামে নিজ বাড়ি থেকে লিটুকে আটক করে থানায় নিয়ে আসছিল পুলিশের দলটি। পথে শান্তিনগর এলাকায় চরমপন্থী দলটির অন্য সদস্যরা লিটুকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এসময় লিটু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পিঠে গুলি লাগে।”
পরে তাকে ডুমুরিয়া স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
গুলির স্প্লিন্টারে আহত দুই কনস্টেবল মোশাররফ হোসেন ও ইলিয়াসকে ওই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
