চাটমোহরে শিশুকে অপহরণের পর খুন
পাবনার চাটমোহর পৌর এলাকা থেকে অপহরণের দুদিন পর চার বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকালে উপজেলার ভদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি ক্ষেতে আব্দুল্রাহ আল নূরের মৃতদেহ পাওয়া যায়।
একই দিন এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ছয় জনকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরে পৌরসভার ছোট শালিখা মহল্লা থেকে নূরকে অপহরণের পর দুবৃত্তরা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। নূর ওই এলাকার আবুল হোসেনের ছেলে।
নূরের মামা ইমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এরপর কোনো এক সময় সে সেখান থেকে উধাও হয়ে যায়।
খুঁজে না পেয়ে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি করেন এবং এরপর তা র্যাবকে জানান।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটিকে উদ্ধারের তৎপরতা চালায়।
দুদিন পর ভদ্রা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের বরাত দিয়ে তিনি আরো বলেন, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে গ্রিসে বসবাস করে দেড় বছর আগে দেশে আসেন। দেশে ফিরে তিনি তিন তলা বাড়ি নির্মাণ করে দেশে থেকে যান। বাড়ির সামনে রড় সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন।
দেড় মাস ধরে ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল কয়েকজন লোক। তারা বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় দিয়ে চাঁদা দাবি করে আসছিল।
তারা কখনো নিজেদের সর্বহারা দলের লোক, আবার কখনো পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নকশালের লোক পরিচয় দিত।
গ্রেপ্তাররা হলেন পাবনার চাটমোহরের ছোট শালিকপুরের আব্দুস সামাদ (৪০), কবির হোসেন (২১), ইটাখালী গ্রামের হাজী আলেফ আলী মোল্লা (৭০), আরেঙ্গাইলের আয়েশা দেওয়ান (৫৫), আটঘরিয়া উপজেলার ইয়াসিন আলী (৩২) এবং ফরিদপুর জেলার জাকেরুল ইসলাম (২৫)।
