২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহরে শিশু নিখোঁজ, পরিবারের দাবি অপহরণ

পাবনার চাটমোহর পৌর এলাকার ছোট শালিখা মহল্লা থেকে আবদুল্লাহ আল নূর নামে চার বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

শিশুটির পরিবার দাবি করেছে, ১০ লাখ টাকা চাঁদার দাবিতে দুর্বৃত্তরা তাকে অপহরণ করেছে। তবে পুলিশের ধারণা পারিবারিক কলহের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।  

অপহৃত শিশুটির মামা ইমরান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বেলা ১২টার দিকে আবদুল্লাহ বাড়ির সামনে খেলছিল। হঠাৎ করেই শিশুটি সেখান থেকে উধাও হয়ে যায়।

তাৎক্ষনিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুটির খোঁজ পাওয়া যায়নি বলে জানান তিনি। 

নিখোঁজ শিশুর বাবা আবুল হোসেন জানান, তিনি ২২ বছর গ্রিসে ছিলেন। দেড় বছর আগে দেশে ফিরে বাড়ির সামনে রড-সিমেন্টের দোকান করে ব্যবসা করতেন।

তিনি অভিযোগ করেন, দেড় মাস ধরে কিছু লোক কখনো সর্বহারা, কখনো পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয়ে  তাকে ফোন করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছিল।

“বিষয়টি জানিয়ে চাটমোহর থানায় সাধারণ ডায়রি (জিডি) ও পাবনায় র‌্যাবকে জানানো হয়েছিল। র‌্যাব সন্দেহভাজন কয়েকজনের নাম ও মোবাইল ফোন নম্বর আমাকে দিয়েছে। আমি অনেকবার চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলতে, কিন্তু ফোনগুলো বন্ধ পাওয়া যায়।”

পুলিশ প্রশাসন তার জিডির কোনো গুরুত্ব না দেয়ায় দুর্বৃত্তরা ছেলেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের বক্তব্য রেকর্ড করেছে।

জিডির বিষয়টিকে গুরুত্ব না দেয়ার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “আমার কাছে বিষয়টি পারিবাকি কলহের কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। তারপরও শিশুটিকে উদ্ধারে আমাদের টিম কাজ করছে। এছাড়া জিডির সূত্র ধরে আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছি।”