২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর সিটির ময়লা মহাসড়কে

গাজীপুর সিটি করপোরেশনের ময়লা ফেলা হচ্ছে মহাসড়কসহ বিভিন্ন জনবহুল এলাকায়। এরমধ্যে রয়েছে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এতে দুর্ভোগ পোহাচ্ছে শত শত নাগরিক।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে শুক্রবার সকালে টঙ্গীর এরশাদনগর, সফিউদ্দিন সরকার একাডেমির সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সরেজমিনে দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর এরশাদনগর, কলেজ গেইট, বোর্ডবাজার এলাকার বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সিটি করপোরেশনের গাড়ি থেকে ফেলা হয়েছে বিপুল ময়লা।

বর্ষাকাল হওয়ায় বৃষ্টিতে এসব আবর্জনা পচে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এলাকাবাসীকে নাকে রুমাল দিয়ে যাতায়াত ও প্রতিদিনের কাজকর্ম করতে হয়।

এরশাদ নগরের বাসিন্দা ডা. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাড়ির সামনে মহাসড়কে সিটি করপোরেশনের গাড়ি থেকে ময়লা ফেলা হয়। এছাড়া আশপাশের এলাকা থেকেও ময়লা জড়ো করে ওই স্থানে ফেলা হচ্ছে।

এসব ময়লার পচা দুর্গন্ধ আর মশা-মাছির উপদ্রবে বাস করা কঠিন হয়ে পড়েছে। ময়লা আবর্জনা সরানোর জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজ হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

কাঁচামাল ব্যবসায়ি রনী বলেন, পৌরসভা থাকাকালে আগে এখানে কখনো ময়লার স্তূপ ছিল না। সিটি করপোরেশন হওয়ার পর থেকে আমাদের যেভাবে কষ্ট দিচ্ছে, দুর্ভোগ দিচ্ছে তাতে বসবাস করা অসম্ভব হয়ে উঠেছে।

এ ব্যাপারে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. ফেরদৌস আলম বলেন, ময়লা আবর্জনা জনবহুল এলাকায় ফেললে তা থেকে রোগ জীবাণু ছড়ায়। এ অবস্থায় নারী, শিশুসহ বিভিন্ন বয়েসী লোক সর্দি কাশিসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।