সুষমার সঙ্গে বৈঠকে খালেদা
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও হোটেলের প্রেসিডেন্ট ‘বেঙ্গলি স্যুটে’ বৈঠকে শুরু হয়।
দুই বছর আগে ২০১২ সালে নয়া দিল্লি সফরের সময়ে সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক হয়েছিলো খালেদার। তখন সুষমা ছিলেন লোকসভায় বিরোধী দলীয় নেতা।
গত মাসে ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান সুষমা।
পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরে বুধবার ঢাকায় আসেন বিজেপির এই নেত্রী। তিন দিনের সফরে শেষ দিনে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসলেন।
বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী রয়েছেন।
সর্বশেষ ঢাকা ছাড়ার আগে সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গেও সুষমার বৈঠকের কথা রয়েছে।
সুষমা স্বরাজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
