২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শহীদ জননীকে স্মরণ

শহীদ জননী জাহানারা ইমামের ২০তম মৃত্যু বার্ষিকীতে চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 07:09 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রমা আবৃত্তি সংগঠন শহীদ জননীর মৃত্যুবার্ষিকীতে আলোচনা, আবৃত্তি ও শোকর‌্যালির আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেন বলেন, “জাহানারা ইমাম একাত্তরের মুক্তি সংগ্রামে নিজের পুত্রকে হারিয়েছেন। প্রতিকূল সময়ে একাত্তরের ঘাতকদের বিচারের দাবি নিয়ে আমৃত্যু আন্দোলন চালিয়ে গেছেন।”

শহীদজননী জাহানারা ইমাম ঘাতকদের বিচারের পরবর্তী সকল আন্দোলনের প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, “সেই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধারীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছিলো।”

আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও গবেষক চিকিৎসক মাহফুজুর রহমান, উদীচী চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল প্রমুখ।

আলোচনা শেষে ‘শহীদজননীর মৃত্যু নাই, মুক্তিযুদ্ধের শেষ নাই’ শিরোনামে একটি শোকর্যাহলি নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রমা আবৃত্তি সংগঠনের শিল্পীরা শহীদ জননীকে নিবেদিত কবিতা পাঠ করেন।

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে।