২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামী ‘অনেকটাই সুস্থ’

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা, অসুস্থতার জন্য যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় রায় পিছিয়ে গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:37 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

যুদ্ধাপরাধের মামলায় মঙ্গলবার রায়ের তারিখ থাকলেও কারা কর্তৃপক্ষ নিজামীর অসুস্থতার কথা জানালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর রায় দেয়নি।

এরপর ঢাকা কেন্দ্রীয় কারাগার হাসপাতালের চিকিৎসকরা বন্দি নিজামীকে দেখে আসেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেন।     

নিজামীর শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ফরমান আলী বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (নিজামী) গতকালের চেয়ে অনেকটাই সুস্থ।”

৭১ বছর বয়সী নিজামীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এই কারা কর্মকর্তা বলেন, কারাগারের চিকিৎসকরাই জামায়াত আমিরকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

কারাবন্দি অবস্থায় নিজামীর সুচিকিৎসা হচ্ছে না দাবি করে জামায়াত তাদের আমিরের মুক্তি দাবি করেছে। অন্যদিকে তার মামলার রায় পেছানোর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে গণজাগরণ মঞ্চ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণার দিন ঠিক হওয়ার পর জামায়াত আমিরকে সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কারাগারে আনা হয়।

কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত মাসে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে নিজামীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল।

গাজীপুর হাসপাতালের চিকিৎসকরা নিজামীর চোখের লেন্সে ময়লা জমার কথা বলেছিলেন। এছাড়া তার ডায়াবেটিস, হৃদরোগ ও মেরুদণ্ডে ব্যথার কথাও বলেছিলেন তারা।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার মতো ১৬টি অভিযোগ নিজামীর বিরুদ্ধে।

২০১২ সালের ২৮ মে জামায়াত আমিরের বিচার শুরু হয়। তার দুই বছর আগে গ্রেপ্তার হন সাবেক এই মন্ত্রী।

পুরনো খবর:

ফের পেছাল নিজামীর রায়
রায় না হওয়া ষড়যন্ত্র: ইমরান