২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় না হওয়া ষড়যন্ত্র: ইমরান

যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা না হওয়াকে ‘ষড়যন্ত্র ও অপকৌশল’ হিসাবে দেখছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 12:00 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

জামায়াতের এই নেতার বিচারের রায় মঙ্গলবার ঘোষণার জন্য রেখেছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

তবে অসুস্থতার কারণে শুনানি শেষে রায় অপেক্ষমান রাখা হয়।

পরে ইমরান সাংবাদিকদের বলেন, “এটা ষড়যন্ত্র ও অপকৌশল। আমাদের এ অপকৌশলকে নস্যাৎ করতে হবে। দীর্ঘ ছয় মাসে আমরা কোন রায় পাচ্ছিলাম না। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিলো।

“গতকাল যখন রায়ের তারিখ ঘোষণা হলো আমাদের মধ্যে পুনরায় আশার সঞ্চার হয়েছিল। শাহবাগ আবার মিলন মেলায় পরিণত হয়েছে।”

ইমরান বলেন, “আমরা দেখে এসেছি রায়ের আগে জামায়াত প্রতিক্রিয়া দেখায়, কিন্তু নিজামী আমির হওয়া সত্ত্বেও কোন প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব থেকেছে। এজন্য তখনই আমাদের মধ্যে সন্দেহ জন্ম নিয়েছিল, এখন তা প্রমাণিত হয়েছে।”

এর আগে সকাল থেকেই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ, বাংলাদেশ ছাত্র মৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠন ‘শাহবাগ আন্দোলন’ ব্যানারে এবং ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক (বোয়ান) পৃথক ভাবে শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

গণজাগরণ মঞ্চের একাংশের দাবিকারী কামাল পাশা চৌধুরীর নেতৃত্বেও নেতাকর্মীরা পৃথকভাবে শাহবাগে অবস্থান নেয়। 

রায় স্থগিত করার এক প্রতিক্রিয়ায় কামাল পাশা চৌধুরী বলেন, “রায় বিলম্বিত করার জন্য নিজামী এটা কৌশল হিসেবে ব্যবহার করেছে। ট্রাইব্যুনাল চলাকালে এ নিয়ে মোট সাত বারের মতো সে (নিজামী) অসুস্থ হয়েছে।

“তাই অসুস্থতার অজুহাত না শুনে অতি দ্রুত, দরকাল হলে আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করতে হবে।”

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “আমরা মনে করি না সরকার কোন ষড়যন্ত্র বা অপকৌশল করছে, সে ধরনের কোন অভিযোগ আমরা পাইনি। তবে যে মানবিক কারণ দেখিয়ে আজ রায় ঘোষণা করা হয়নি, এর পুনরাবৃত্তি যেন আর না হয়।”

বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি এবং গণজগারণ মঞ্চের অন্যতম সংগঠন বাপ্পাদিত্য বসু বলেন, “অসুস্থতার অভিযোগ আসলে এক ধরনের তালবাহানা ও নাটক করা হচ্ছে। নিজামী অসুস্থ হলেও তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে।”  

বেলা সাড়ে ১২টার দিকে ইমরান এইচ নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চ এবং বিভিন্ন ছাত্র সংগঠন শাহবাগ থেকে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে ফিরে আসে।