২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘অজ্ঞানপার্টি’র হাতে এক ব্যক্তি নিহত

রাজধানীর গুলিস্তান এলাকায় ‘অজ্ঞানপার্টি’র খপ্পরে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:00 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

তার নাম আব্দুল মতিন (৫০)। তিনি পল্টনে আল আমানত ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন বলে স্বজনরা জানান।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেজাউল করিম নামে এক ব্যক্তি অচেতন অবস্থায় মতিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

একই ট্রাভেল এজেন্সিতে কর্মরত রেজাউল হাসপাতালে সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে প্রভাতী পরিহনের লোকজন তাদের ট্রাভেল এজেন্সিতে ফোন করলে গুলিস্তানে এসে মতিনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

রেজাউল বলেন, “মতিন গাজীপুর থেকে গুলিস্তান আসার পথে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।”

তবে মতিনের কত টাকা খোয়া গেছে, তা তিনি জানাতে পারেননি।

নারায়ণগঞ্জের বন্দরে বসবাস করা মতিন বুধবার সকালে অফিসের কাজে গাজীপুর যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ বলা মুশকিল। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বিষপ্রয়োগ বলে মনে হচ্ছে।

এদিকে ‘অজ্ঞানপার্টি’র খপ্পরে পড়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক যুবক সাড়ে ৬ লাখ টাকা খুইয়েছেন।

বুধবার বিকালে অচেতন অবস্থায় নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে নুরুলের ভাগ্নে মনির হোসেন সাংবাদিকদের জানান, চাঁদপুরের হাজীগঞ্জ থেকে বুধবার সকালে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে বাসে করে নুরুল ঢাকায় আসার পথে ‘অজ্ঞানপার্টি’র খপ্পরে পড়েন।

দুপুর ৩টার দিকে নুরুল কড়াতিটোলায় নিজের বাসার কাছে এসে অচেতন হয়ে পড়েন।

মনিরের অভিযোগ, বিদেশে যাওয়ার জন্য আনা নুরুলের সঙ্গে থাকা টাকা ‘অজ্ঞানপার্টি’ নিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, স্বজনদের দাবি, তাদের সাড়ে ৬লাখ টাকা খোয়া গেছে। নুরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।