শরীয়তপুরে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ
শরীয়তপুরে যৌতুকের জন্য এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার বগাদি গ্রামে এ ঘটনার পর থেকে নিহত পলি আক্তারের স্বামী কামাল গণি পলাতক রয়েছেন। এই দম্পতির একটি ছেলে রয়েছে।
নিহতের ভগ্নিপতি আবদুস কুদ্দুস বলেন, শরীয়তপুর সদর উপজেলার পূর্ব আটপাড়া গ্রামের খলিল বেপারীর মেয়ে পলি আক্তারের বিয়ের পর থেকেই স্বামী কামাল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য নির্যাতন করতো।
খবর পেয়ে পালং থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়, বলেন কুদ্দুস।
পলির ফুফাত ভাই দেলোয়ার হোসেন দিলু মাদবর বলেন, বিয়ের পর পলির পরিবারের পক্ষ থেকে কামালকে ৫০ হাজার টাকা দেয়া হয়েছিল। আরো ৫০ হাজার টাকার জন্য সে অনেক দিন ধরে চাপ দিচ্ছিল।
টাকা দিতে না ব্যর্থ হওয়াতেই পলিকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।
পালং থানার ওসি (তদন্ত) খন্দকার ফরিদুল হক জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।
