ভেজাল মিশ্রণকারীদের ছাড় নেই: শেখ হাসিনা
খাদ্য পণ্যে ভেজাল নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারের কার্যক্রমে ভোক্তারা সুফল পেতে শুরু করেছেন দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য পণ্যে ভেজাল মেশানো ব্যক্তিদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেয়া অব্যাহত থাকবে।
বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা বলেন তিনি।
সকালে স্পিকার শিরীর শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, পণ্যের মান নিয়ন্ত্রণসহ ভেজাল পণ্য ও খাদ্য সামগ্রী থেকে জনগণকে রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
ইতোমধ্যে ভেজাল পণ্য ও ওষুধ বিক্রির অপরাধে ৮ হাজার ৭৯৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ৮ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৩শ’ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “ইতোমধ্যে খাদ্যপণ্যে শুধু ফরমালিন মেশানোর কারণে ১৮৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫১ হাজার ১শ’ টাকা জরিমানা ও ফরমালিন মিশ্রিত ফল-মাছ স্পটে ধ্বংস করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে ৪৬৩টি ফার্মেসিকে ৪২ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
শেখ হাসিনা জানান, ভোক্তা অধিকার আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৮৩৩টি প্রতিষ্ঠানকে ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৮৫০ টাকা জরিমানা ও ১৭ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে।
মৌসুমী ফলে রাসায়নিক দ্রব্য মিশ্রণ প্রতিরোধে দেশব্যাপী প্রতিদিন ১৪/১৫টি ‘মনিটরিং টিম’ বাজারে গিয়ে তদারকি করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংরক্ষিত মহিলা আসনের ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, এখন পদ্মা সেতু আর স্বপ্ন নয়; বাস্তবায়ন শুধু সময়ের ব্যাপার।
“আমরা আশা করি, ইনশাহ আল্লাহ ২০১৮ সালে পদ্মা সেতু দিয়ে যানবাহন পারাপার হবে।”
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে সরকারের পদক্ষেপগুলোও তুলে ধরেন শেখ হাসিনা।
