২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা

চট্টগ্রামে থানা হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় সাত পুলিশ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছে মৃতের স্ত্রী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে মামলাটি হয় বলে জানান বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী।

গত ১৮ জুন রাতে পুলিশের হাতে আটকের পর মৃত্যু হয় রোকনুজ্জামানের।

আইনজীবী সাইমুল বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, “আদালত মামলা আমলে নিয়ে আলামত জব্দ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং তদন্ত করে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনারকে (গোয়েন্দা) আগামী ২৩ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।”

আসামিরা হলেন- এসআই আমির হোসেন, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল মিজানুর রহমান, মোসলেম ও খোকন মিয়া, আনসার কনস্টেবল শাহীনুর আলম, গাড়ি চালক আকবর, পুলিশের সোর্স জামাল হোসেন ও হুমায়ন কবির এবং সাধারণ নাগরিক হারুনুর রশিদ।

এদের মধ্যে সাত পুলিশ সদস্য নগরীর পাঁচলাইশ ও বাকলিয়া থানায় কর্মরত।

তিনি আরো বলেন, ধরে নিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে দণ্ডবিধির তিনটি ধারায় মামলাটি করা হয়েছে।

মামলার বাদী শিমু আক্তারের বড় ভাই এম ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বোনজামাই জমি কেনাবেচার ব্যবসা করতেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়। ওই মামলার ভিত্তিতে তাকে ধরে নিয়ে পুলিশ নির্যাতন করে মেরে ফেলেছে।”

১৮ জুন রাতে নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ লেইন এলাকায় রোকনুজ্জামানকে গ্রেপ্তারে অভিযানে যায় পুলিশের একটি দল। এসময় পরিবারের সদস্যরা পুলিশকে বাধা দেয় এবং গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চায়।

নিহতের পরিবারের অভিযোগ, গ্রেপ্তার অভিযান চলাকালে তাকে মারধর করলে রোকনুজ্জামান অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে রাত দেড়টার দিকে তার মৃত্যুর খবর আসে।

পুলিশের দাবি, গত ৫ জুন রোকনুজ্জামানের বিরুদ্ধে এক নারী  ধর্ষণের অভিযোগে মামলা করেন। এছাড়া তার প্রথম স্ত্রী পারভিন আক্তারের করা যৌতুকের ‍মামলাতেও রোকনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

তবে, মারধরের কথা অস্বীকার করে চট্টগ্রামের সহকারী উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, রোকনুজ্জামান আগে থেকেই অসুস্থ ছিলেন। তাকে আটকের পর থানায় নিয়ে যাওয়ার পথে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। এজন্য তাকে থানায় না নিয়ে সরাসরি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথেই তার মৃত্যু হয়।