৫৯৬ কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ
তথ্য চেয়ে না পাওয়ায় ৫৯৬ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে তথ্য কমিশনে অভিযোগ এসেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী তথ্য অধিকার আইনের আলোকে এ যাবত তথ্য দিতে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এ কথা জানান।
ইনু বলেন, “৫৯৬ জন ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ৫৮৯টি নিষ্পত্তি করেছে তথ্য কমিশন। বাকি সাতটি অভিযোগ প্রক্রিয়াধীন। শুনানির মাধ্যমে ২ জন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তথ্য না দেয়া বা বিভ্রান্তিকর তথ্য দেয়ায় জরিমানা করা হয়েছে।”
সংসদে অভিযুক্ত ৫৯৬ কর্মকর্তার পদবীসহ নামের তালিকাও উপস্থাপন করেন তিনি।
“প্রস্তাবিত নীতিমালাটি প্রণীত হলে অনলাইন পত্রিকার জন্যে সরকারি সুযোগ-সুবিধা চালু সম্ভব হবে।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শিরিন নাঈমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, গত ৫ বছরে বেসরকারি খাতে ৩১টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া হয়েছে। বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা ৪১। সরকারি ব্যবস্থাপনায় তিনটি ও বেসরকারি ২৩টি টিভি চ্যানেলসহ মোট ২৬টি চ্যানেল সম্প্রচার পরিচালনা করছে।
আপাতত টেলিভিশন লাইসেন্স দেয়ার আর কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও উল্লেখ করেন তিনি।
চট্টগ্রাম-১২ আসনের সংসদ শামসুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “৬০ দশমিক ৭৪ কোটি টাকা ব্যয়ে ১৬ তলা বিশিষ্ট একটি আধুনিক ‘তথ্য ভবন’ নির্মাণ প্রকল্পের কাজ একনেক সভায় অনুমোদন হয়েছে। এর নির্মাণ কাজ আগামী অর্থবছরে শুরু হয়ে ২০১৬ সালের মধ্যে শেষ হবে।”
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নূরজাহান বেগমের প্রশ্নের জবাবে ইনু জানান, জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪ প্রণয়নের কার্যক্রমও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, “এটি প্রণীত হলে বেসরকারি মালিকানায় পরিচালিত ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে বেশি দায়বদ্ধতা সৃষ্টি করা সম্ভব হবে।”
৬৫ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায়
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি’র প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, বর্তমানে দেশের শতকরা প্রায় ৬৫ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি বলেন, “২০১৪ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।”
রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, “গত মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন গ্যাসফিল্ড থেকে এ যাবত মোট ১১ দশমিক ৯২ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে এবং বর্তমানে ১৫ দশমিক ১২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।”
