২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি ‘লংঘন’, দুই কর্মকর্তা প্রত্যাহার

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লংঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে এক পুলিশ ও এক ভূমি কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 10:09 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ দুই কর্মকর্তা হলেন সিআইডির পরিদর্শক মহিউদ্দিন অটল ও সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা কামাল হোসন।

রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের (আনারাস প্রতীক) প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান মাসুম রিটার্নিং অফিসারের কাছে লেখা এক চিঠিতে অভিযোগ করেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত পরিদর্শক মহিউদ্দিন ওরফে অটল তার কর্মস্থল থেকে ছুটি নিয়ে বন্দরে লক্ষ্মণখোলায় তার বাড়িতে গত কয়েকদিন যাবত অবস্থান করছেন।

অটলের বাড়ি ২৫নং ওয়ার্ডে। এই ওয়ার্ডে লাঙ্গল প্রতীকের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে অটলকে সব সময় অবস্থান করে নির্বাচনী কার্যক্রম পরচালনা করতে দেখা গেছে।

এছাড়া ২৩নং ওয়ার্ডের বাসিন্দা ভূমি অফিসের কর্মকর্তা কামাল হোসেনও প্রকাশ্যে সেলিম ওসমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

কামাল হোসেন সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী এলাকা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা।

সিআইডি পুলিশ কর্মকর্তা অটল নির্বাচনে সেলিম ওসমানকে ভোট না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে এলাকার ভোটারদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন আকরামের এজেন্ট।