রাবিতে শিবিরের ঝটিকা মিছিল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঝটিকা মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির।
মঙ্গলবার সকাল সোয়া ৯টায় মিছিলটি বের করার পরপরই পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।
পরে পুলিশ মেহেদী হাসান নামের এক শিবিরকর্মী সন্দেহে এ শিক্ষার্থীকে আটক করেছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, শিবিরের অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রলীগের টেন্ট থেকে মিছিলটি বের করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে যায়। এই পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়।
মিছিলে তারা নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শ্লোগান দেয়।
তিনি বলেন, মেহেদী হাসান নামের আরবি স্নাতকোত্তর পর্বের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক পরিচয়পত্র পাওয়া গেছে, শিবিরের বিশ্ববিদ্যালয় সভাপতি আশরাফুল আলম ইমনের ছবিও পাওয়া গেছে।
নাশকতা ঠেকাতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে হামলায় শিবির নেতা রাসেল আলম আহত হন, যার জন্য সংগঠনটি ছাত্রলীগকে দায়ী করে আসছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, পুলিশ কিছু বুঝে ওঠার আগে শিবিরকর্মীরা ‘নায়রে তাকবির’ শ্লোগান দিয়ে মিছিল বের করেছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি বলেন, ২০০৯ সালের ১২ মে থেকে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
