২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধে কমিটি

সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যমে বাংলা ভাষার বিকৃতি রোধে ১০ সদস্যের একটি ‘স্থায়ী’ কমিটি গঠন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (সম্প্রচার) প্রধান করে এই কমিটি করা হয়েছে বলে মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ও ২৯ এপ্রিল হাই কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২২ জুলাই গঠিত কমিটি পুনর্গঠন করে এই স্থায়ী কমিটি করা হয়েছে।

গণমাধ্যমে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও অন্য ভাষার মিশ্রণরোধে একটি কমিটি গঠন করা হয়েছে বলে গত ২৯ মে তথ্যসচিব মরতুজা আহমদ সাংবাদিকদের জানালেও এর কয়েক সপ্তাহ পরে ওই কমিটি গঠনের আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (আইন ও শৃঙ্খলা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিনিধি, বাংলা একাডেমির প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের একজন করে প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হয়েছে।

এছাড়া অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের প্রতিনিধি, বেসরকারি বেতার কেন্দ্রগুলোর প্রতিনিধি ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন এই কমিটিতে।

তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (টিভি-২) এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সব টেলিভিশন চ্যানেল ও বেতারে সংবাদ, অনুষ্ঠান ও উপস্থাপনায় বাংলার সঙ্গে অন্য ভাষার মিশ্রণরোধ ও ভাষাকে বিকৃত না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে সমন্বয় করবে এই কমিটি।

এ বিষয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতার থেকে পাওয়া অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা, এসব মাধ্যমকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া এবং প্রয়োজনীয় ‘জরুরি’ বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতেও এই কমিটি কাজ করবে।

এছাড়া বাংলাদেশের সকল টেলিভিশন চ্যানেল ও বেতারসহ ইলেকট্রনিক গণমাধ্যমে ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এই কমিটিকে বলা হয়েছে।