২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েলের আগুনে দগ্ধ: বাবা-মাও মারা গেলেন

গাজীপুর নগরীর ডেগেরচালায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে সন্তানের মৃত্যুর এক সপ্তাহ পর বাবা-মারও মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

ও গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

পুলিশ জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে বাবা জুয়েল হোসেন (২৫) এবং মঙ্গলবার সকালে মুন্নি বেগম ওরফে মনিরার (২২) মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (১৮ জুন) সাত মাস বয়সী শিশু ফাহিমের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাহিম গত বুধবার দুপুরে মারা যায়। সোমবার মধ্যরাতে মারা যান জুয়েল এবং মঙ্গলবার সকাল ১০টার দিকে মারা যান মুন্নী বেগম।

মৃতেদের স্বজনরা হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে লাশ গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর নিয়ে গেছেন।

জুয়েলের মামা মতিউর রহমান জানান, গত ৩ বছর ধরে সপরিবারে জুয়েল গাজীপুর সিটি কার্পোরেশন এলাকার ডেগেরচালায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। কাজ করতেন একটি পোশাক কারখানায়।

তিনি জানান, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে ঘরে মশার কয়েল জ্বালিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাতে কোনো এক সময় কয়েল থেকে আগুন ঘরের মেঝেতে থাকা কাপড়ে লেগে যায়। পরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

তাদের চিৎককারে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে এবং পরদিন ভোরে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করে।